Description
পেশায় শিক্ষক নেশায় পর্যটক। বিবাহ পরবর্তী জীবনের একটা বড় সময় ও কাজের সূত্রে কাটিয়েছেন বিভিন্ন দেশে। গত পঞ্চাশ বছর ধরে নানা দেশে ঘোরাঘুরির ফলে একজন বাহ্যিক দ্রষ্টা হয়ে উঠেছেন তিনি। অর্থাৎ এই আশ্চর্য পৃথিবীর নানা দেশের প্রকৃতি, শিল্প-স্থাপত্য, সমাজ, আচার-অনুষ্ঠান, অভ্যাস, নিয়ম-কানুন, ভাষা এবং বিশ্বাসকে প্রত্যক্ষ করেছেন। অন্তর থেকে স্বাদ আস্বাদন করেছেন বৈচিত্র্যময় জীবনশৈলীর। তিনি আমাদের খুব কাছের মানুষ- সুসাহিত্যিক নন্দিতা বাগচী।
বইটির ভূমিকাতে খুব সহজ ভাষাতে তিনি লিখেছেন-
“আমার একেক সময় মনে হয় পূর্বজন্মে আমি সম্ভবত পরী ছিলাম। নয়তো পাখি। তাই তো পিঠের ডানা দুটো খসে পড়েনি এখনও। নিত্যদিন উড়ে চলেছি দিগদিগন্তে। একজন্মে এত ওড়াউড়ি তথা ঘোরাঘুরি কম মানুষই করে থাকেন।”
বিভিন্ন বিষয়কে সামনে থেকে চোখে দেখা, কানে শোনা ঘটনা ও আত্মিক উপলব্ধিকে বিভিন্ন সময়ে নিবন্ধিত করেছেন নানা পত্রিকায়, অনলাইন অ্যাপে এবং সমাজ মাধ্যমে। সেই টুকরো লেখাগুলিকেই সংকলিত করা হল এই গ্রন্থে।



